স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের আটজন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কারে ভূষিতদের হাতে পদক তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেবেন বলে তাঁর প্রেস উইং থেকে বলা হয়েছে।
ভার্চুয়াল অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।
এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সব কর্মসূচি বাতিল করা হয়। একইসঙ্গে স্বাধীনতা পদক দেয়ার কর্মসূচিও স্থগিত করা হয়েছিল।
এবছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- কমান্ডার (অব.) আবদুর রউফ ও লেখক-অধ্যাপক আনোয়ার পাশা, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আজিজুর রহমান, অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী, ডা. এ কে এম এ মুকতাদির, কালীপদ দাস ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। এছাড়া ভারতেশ্বরী হোমসকেও এবার পদক দেওয়া হবে।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার। সর্বশেষ ২০১৯ সালে ১৩ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়।
মানবকণ্ঠ/এসকে
কোন মন্তব্য নেই