নিজের ভুলের জন্য লজ্জিত নোবেল
মাইনুল আহসান নোবেল
বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল ভারতের একটি রিয়েলিটি শোতে গান গেয়ে আলোচিত। অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া নোবেল হঠাৎ করেই দেশের কিংবদন্তিদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে সমালোচনার মধ্যে পড়েন। এই করোনায় নিজের মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করছেন নোবেল। তাই অতীতের সব বিষয় ধুয়ে–মুছে নতুন করে তাঁর গানের জগৎটা সাজাতে চান বলে জানালেন।
প্রথম আলোকে নোবেল বলেন, ‘অবশ্যই আমার সেসব কথাবার্তা কিংবা কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি অনুতপ্ত। আমি আমার কথাগুলো আরও গুছিয়ে, আরও সুন্দরভাবে ভক্তদের জানাতে চাই। আমার ভুলগুলো সবার কাছে পরিষ্কার করতে চাই। মনের কথাগুলো সবাইকে জানাতে চাই।
নোবেল এ–ও বললেন, ‘সত্যি কথা বলতে, ওই সময়টায় আমার জীবনটা কেমন জানি হয়ে গিয়েছিল। আমার পাশে কেউই ছিল না, সেভাবে বুঝিয়ে বলার মতো। তাই না বুঝে অনেক কিছুই করে ফেলেছি বা হয়ে গেছে। আস্তে আস্তে এখন সবই বুঝতে পারছি। মনে মনে ভীষণ অনুতপ্ত হচ্ছি। আমি কারও সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম না, বিষয়গুলো সে রকমও না। অনেক পরে জানতে পেরেছি, যাঁরা আমাকে কাজের জন্য প্রস্তাব দিয়েছিলেন, তা ঠিকমতো আমার কাছেও আসেনি। আর আমার কাজের বিষয়গুলো তখন আমি নিজেও ডিল করতাম না। তাই কিছু ভুল–বোঝাবুঝি তৈরি হয়। আমিও বুঝে না–বুঝে অনেক কথা বলে ফেলেছি।’
কথায় কথায় নোবেল জানালেন, রিয়েলিটি শোর পর থেকেই তাঁর কাছে অনেক গান গাইবার প্রস্তাবও আসে। কিন্তু সেসব গানের অনেকগুলো তাঁর কাছে আবেদন তৈরি করতে পারেনি। এটাও তাঁর একধরনের ভুল ছিল বলে মনে করছেন নোবেল। বললেন, ‘পাঁচ শতাধিকের মতো গান আমার কাছে গাইবার প্রস্তাব ছিল। কিন্তু আমি ফিল করিনি, গানগুলো গাইবার। হয়তো আমারই বোঝার ভুল ছিল। সেখানে নিশ্চয় ১০-২০টা গান ভালো ছিল। এই একটা সমস্যা ছিল। সবার সঙ্গে যোগাযোগের ঘাটতি ছিল। এটা আমারও দোষ না, যাঁরা প্রস্তাব দিয়েছেন, তাঁদেরও দোষ না। তখনকার সার্বিক পরিস্থিতির কারণেই এমনটা হয়েছে।’


কোন মন্তব্য নেই